নিউজটি শেয়ার করুন

হঠাৎ ফেসবুক লাইভে মামুনুল হক

সিপ্লাস ডেস্ক: হঠাৎ ফেসবুক লাইভে এসে সাম্প্রতিক পরিস্থিতিতে নিজের অবস্থান বিষয়ে বক্তব্য দিচ্ছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) দুপুর সোয়া ৩টার দিকে ফেসবুক লাইভে আসেন তিনি।

স্বাধীনতা দিবসে বায়তুল মোকাররম মসজিদের ভেতরে এবং বাইরে নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে পল্টন থানায় মামুনুল হকসহ হেফাজতের কয়েকশ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে নারীসহ অবরুদ্ধের ঘটনায় হেফাজতের তাণ্ডবের পর পুলিশের দুটি এবং এক সাংবাদিকের করা একটি মামলাসহ মোট তিন মামলার আসামি মামুনুল হক। সবগুলো মামলাতেই মামুনুল হককে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, মামুনুল হকের নারী কেলেঙ্কারির বিষয়টি সামনে আসায় আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা কড়া মনোভাব দেখাচ্ছে। নতুন করে মামুনুল হকসহ হেফাজতের ১৭ শীর্ষ নেতার নাম উল্লেখ করে পল্টন থানায় যে মামলা দায়ের করা হয়েছে, সে মামলায় পুলিশ তাদের গ্রেফতার করতে পারে বলে নেতাকর্মীরা আতঙ্কে রয়েছেন।

পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের গ্রেফতারে অভিযান চলছে। আমাদের একাধিক টিম এজাহারভুক্ত আসামিদের অবস্থান জানার চেষ্টা করছে।

এদিকে নারায়ণগঞ্জের রিসোর্টে ঘটে যাওয়া ঘটনার পর থেকেই মামুনুল হক কোথায় অবস্থান করছেন এ বিষয়ে পরিষ্কার কেউ কিছু জানাতে পারেননি। তবে একটি সূত্র জানিয়েছে, ঘটনার পর থেকে মামুনুল হক মোহাম্মদপুরের বাসায় না গিয়ে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করছেন। ওই মাদ্রাসায় মামুনুল হক শিক্ষকতা করেন। মাদ্রাসা থেকে তিনি শুধু দলীয় বৈঠকে যোগদান করা ছাড়া বাইরে বের হচ্ছেন না।