ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে খুন হওয়া বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের বইপত্র ও জামাকাপড়সহ সবকিছু তার বাবার কাছে বুঝিয়ে দিয়েছে বুয়েটের শেরে বাংলা হল কর্তৃপক্ষ।
বুধবার হল কর্তৃপক্ষের কাছ থেকে আবরারের বাবা বরকত উল্লাহ ও তার ছোট আবরার ফাইয়াজ এসব জিনিসপত্র বুঝে নেন।
আবরারের শোকাহত বাবা বরকত উল্লাহ বলেন, ২০১৮ সালের ৩১ মার্চ আবরার ফাহাদ প্রথম বুয়েটের শেরে বাংলা হলে ওঠে। আর ২০১৯ সালের ৩০ অক্টোবর ছেলেকে ছাড়াই সবকিছু নিয়ে যেতে হচ্ছে। আবরারের ব্যবহৃত ট্যাংক, বইপত্র ও জামাকাপড় নেয়া হয়। তবে কিছু বই পাওয়া যায়নি। এগুলো পাঠ্যবইয়ের বাইরে আবরার পড়ত। এছাড়া ল্যাপটপ ও মোবাইলফোন পুলিশের কাছে আছে। সেগুলো আদালতের মাধ্যমে নিতে হবে।
আবরারের মামা আব্দুল কাদের বলেন, বুকভরা স্বপ্ন নিয়ে বুয়েটে এসেছিল আবরার। আজ শূন্য হাতে ফিরে আসতে হলো তার পরিবারকে। একজন বাবাকে তার সন্তানের সব স্মৃতি, বুকভরা স্বপ্ন এভাবে মাথায় বইতে হচ্ছে। এ পৃথিবীতে বাবার কাঁধে সব থেকে ভারী জিনিস হচ্ছে সন্তানের লাশ।
আবরারের ফুপাতো বোন আফরিদা পারভীন লিজা বলেন, ছোট ভাই ফাইয়াজের জন্য একটি শার্ট কিনেছিল আবরার। শার্টটি তার রুমেই ছিল। ফাইয়াজ শার্টটি দেখেই কান্নায় ভেঙে পড়েন। বারবার শার্টটি ধরে দেখছিল আর তখন ফাইয়াজের মুখটা কান্নায় ভরে যাচ্ছিল।








