নিউজটি শেয়ার করুন

হাওরের ডিজিটাল প্রযুক্তি শিল্পের উদ্বোধন করলেন পরিকল্পনা মন্ত্রী

সিপ্লাস ডেক্স: হাওরের প্রত্যন্ত গ্রামে প্রতিষ্ঠিত বিদেশে রপ্তানি যোগ্য ডিজিটাল প্রযুক্তি শিল্পের উদ্বোধন করলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এটি উদ্বোধন করা হয়।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

সুনামগঞ্জ জেলার ধর্মপাশার প্রত্যন্ত গ্রাম আহমেদপুরে এডভান্স অ্যাপ, বাংলাদেশ নামে ডিজিটাল প্রযুক্তি শিল্পে ৪৮ জন আইটি প্রকৌশলী ও প্রোগ্রামার কাজ করছেন। এখান থেকে উৎপাদিত সফটওয়্যারসহ ডিজিটাল পণ্য বিদেশে রপ্তানি করা হবে।

এডভান্স অ্যাপ, বাংলাদেশ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ ঘটনাটিকে দেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে মন্ত্রীদ্বয় দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ উদ্যোগ সমূহের প্রশংসা করেন।

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেন, নেত্রকোণা থেকে মোহনগঞ্জ, ধর্মপাশা ও তাহেরপুর হয়ে হাওরের ওপর দিয়ে সাড়ে তের কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ সম্পন্ন হলে হাওরবাসীর জীবনমান পাল্টে যাবে।

তিনি বলেন, যে সিলেট থেকে নেত্রকোণা ট্রেন লাইন স্থাপনের কাজও করা হবে। তৈরি হবে দিরাই থেকে শাল্লা ও আজমিরীগঞ্জ ও হবিগঞ্জ হয়ে ঢাকা-চট্টগ্রাম যাবার মহাসড়ক।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, হাওর, দ্বীপ ও চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার ডিজিটাল সংযোগ নিশ্চিত করতে কাজ করছে। কাউকে বাদ রেখে নয়, উন্নয়নে সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করার মাধ্যমে জ্ঞানভিত্তিক একটি ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। এরই ধারাবাহিকতায় গত এগারো বছরে হাওরসহ দেশের পিছিয়ে থাকার জনগোষ্ঠীসহ দেশের রূপচিত্র পাল্টে গেছে। করোনাকালেও মানুষের জীবনযাত্র থেমে থাকেনি। এটাই হচ্ছে ২০২০ সালে ডিজিটাল বাংলাদেশের সুফল বলে উল্লেখ করেন মন্ত্রী।

মোস্তাফা জব্বার বলেন, সাড়ে তের কিলোমিটার উড়াল সড়ক চালু হওয়ার পর হাওরবাসীর জীবনমান পাল্টে যাবে। যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন ছাড়াও পর্যটকদের কাছে এটি হবে একটি আকর্ষণীয় স্পট। এই অঞ্চলটি মালদ্বীপের চেয়েও আকর্ষণীয় হবে পর্যটকদের কাছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রধানমন্ত্রীকে সুযোগ্য ডিজিটাল সৈনিক হিসেবে আখ্যায়িত করে বলেন, হাওরের প্রত্যন্ত গ্রামেও ডিজিটাল হাব হচ্ছে কিংবা হাওর থেকে ওয়েবিনার সম্মেলন করা হচ্ছে এটা সত্যি অভাবনীয়।

সুব্রতদাস খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে অ্যাডভান্স অ্যাপস, বাংলাদেশ এর সিইও শফিউল আলম বিপ্লব আলোচনায় অংশ নেন।