নিউজটি শেয়ার করুন

হাজতির পলায়নে নতুন নির্দেশনা

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম কারাগারের চারতলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে খুনের মামলায় কারাবন্দি হাজতি পালানোর পরপরই নড়েচড়ে বসেছে কারা কর্তৃপক্ষ। এরআগেও কাশিমপুর কারাগারে লেখক মোস্তাক আহমেদের মৃত্যু, আরেক আসামির পলায়নসহ সব মিলিয়ে তোলপাড় চলছে কারা প্রশাসনে। ভবিষ্যতে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশ কিছু নির্দেশনা জারি করেছে দেশের ৬৮ কারাগারে।

সোমবার (৮ মার্চ) ৬৮ কারাগারের জেল সুপারদের নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন। সেখানে বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা দেওয়া হয়েছে জেল সুপারদের। আলোচনা হয়েছে কীভাবে এরকম পরিস্থিতি ভবিষ্যতে এড়ানো যায়।

কারা অধিদফতর জানায়, কারাগারে বন্দিদের সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য সিসিটিভি ব্যবস্থাকে আরও উন্নত এবং তা ২৪ ঘণ্টা নজরদারিতে রাখার ব্যবস্থা করা হচ্ছে। যেসব জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই সেখানে সিসি ক্যামেরা লাগানোর জন্য বলা হয়েছে। কারাগারের সীমানা প্রাচীর থেকে পাশ্ববর্তী ভবনের দূরত্ব মেপে সেখানকার দেয়াল আরও উঁচু করার ব্যবস্থা করা। এছাড়া কারারক্ষীদের কৌশল শেখানোর ব্যবস্থা ও বন্দিদের উপর প্রতি মুহূর্তে নজরদারিও করা। যেসব কারাগারে কারারক্ষী কম সেখানে কারারক্ষী বৃদ্ধি করে বাউন্ডারি দেয়ালের চারদিকে নজরদারি বাড়াতে বলা হয়েছে। সীমানা দেয়াল কাছাকাছি কোনো আসামি যাতে যেতে না পারেন সেজন্য কারারক্ষীদের বিশেষ নজরদারি করতে বলা হয়েছে। এছাড়া কারাগারে বন্দিদের মধ্য থেকে যারা বিভিন্ন কাজে নিয়োজিত তাদের আলাদা পোশাক (যাতে সহজে চিহ্নিত করা যায়) পড়ানোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে নসিংদীর রায়পুর থানার আদিয়াবাদ শেরপুর কান্দাপাড়া চরাঞ্চল এলাকায় ফুফুর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে চট্টগ্রামে আনা হয়। তাকে প্রথমেই নিয়ে যাওয়া হয় সিএমপির উপ-কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৪টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার ক্ষত পায়ে প্ল্যাস্টার করার পর সন্ধ্যায় কোতোয়ালী থানায় মিডিয়ার সামনে হাজির করা হয়।

এরআগে ৬ মার্চ ভোর থেকে হাজতি রুবেলের সন্ধান না মেলায় দিনভর তল্লাশি করে সন্ধ্যায় জিডির পর রাতে মামলা করেন প্রত্যাহার হওয়া জেলার রফিকুল ইসলাম। জেলারের সাথে প্রত্যাহার করা হয়েছে ডেপুটি জেলার আবু সাদাতকে। কোতোয়ালী থানার মামলা নম্বর ২৩/২১। ধারা-দণ্ডবিধির ২২৪। কর্ণফুলী ভবনের ১৫ নম্বর সেলের দায়িত্বরত কারারক্ষী নাজিম উদ্দিন ও সহকারী কারারক্ষী ইউনুস মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সহকারী প্রধান কারারক্ষী কামাল হায়দারের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

মো. ফরহাদ হোসেন রুবেল নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মীরেরকান্দি গ্রামের শুক্কুর আলী ভাণ্ডারির ছেলে। রুবেল নগরীর সদরঘাট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি। গত ৮ ফেব্রুয়ারি আগ্রাবাদের মিস্ত্রিপাড়া থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ৯ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে ছিলেন।