সিপ্লাস প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময় চট্টগ্রামের হাটহাজারিতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের এক নেতাকে ফটিকছড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন থেকে বুধবার গভীর রাতে আমিনুল ইসলাম নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি হেফাজত ইসলামের হাটহাজারি উপজেলার দাওয়া বিষয়ক সম্পাদক।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম রশিদুল ইসলাম বলেন, “আমিনুল ইসলাম ২৬ মার্চের তাণ্ডবের ঘটনায় অন্যতম ‘নাশকতরাকারী’। তিনি ফটিকছড়িতে এক আত্মীয়র বাড়িতে আত্মগোপনে ছিলেন।”
গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে লেলাং ইউনিয়নের ওই বাড়িতে অভিযান চালিয়ে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ সুপার।
স্বাধীনতার সুর্বণজয়ন্তীর দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় বিক্ষোভের সময় হাটহাজারী থানায় আক্রমণ করে ভাংচুর চালায় হেফাজতে ইসলামের কর্মীরা।
পাশাপাশি সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা সদর ভূমি অফিসে ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে সেদিন চারজন নিহত হন।
হাটহাজারির ঘটনায় ৩০ মার্চ রাতে পুলিশ বাদী হয়ে চারটি এবং ভূমি অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা করা হয়। কারো নাম উল্লেখ না করে এসব মামলায় আসামি করা হয় কয়েক হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে।








