সিপ্লাস প্রতিবেদক: ত্রাণ বন্টন নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের মারধরে নিহত হয়েছে এক আওয়ামী লীগ নেতা।
নিহত ওই আওয়ামী লীগ নেতার নাম মো. বখতিয়ার সিকদার (৪৯)।
তিনি হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বুধবার (৬ মে) বিকাল ৫টার দিকে ওই ইউনিয়নের বোর্ড প্রাথমিক বিদ্যালয় সড়কে এ ঘটনাটি ঘটে।
প্রতিপক্ষের যুবকদের কিল-ঘুষিতে প্রাণ হারানো বকশি সিকদার বাড়ির মৃত মনির আহাম্মদ এর পুত্র বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এছাড়া নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।
নিহতের বড় ভাই গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মো. লোকমান মেম্বার জানান, ‘আমার ছোট ভাই গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ত্রাণ বিতরণ কমিটির সচিব। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সিকদার বাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় একই ওয়ার্ডের সৈয়দ আহসান উল্লাহ মিয়াজি বাড়ির আবদুল হালিম এর পুত্র মো. রানা (২৮) তাদের এলাকায় সঠিকভাবে ত্রাণ বিতরণ হচ্ছে না এমন অভিযোগ করে। এ সময় উপস্থিত নিহত বখতিয়ার সিকদার অভিযোগকারী যুবক রানার বক্তব্যের আপত্তি জানায়। এক পর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়ে যায়।’
এরমধ্যে বুধবার বিকাল ৫টার দিকে আগের দিনের কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের যুবক রানাসহ আরও ২-৩ জন বখতিয়ার সিকদারকে একা পেয়ে বোর্ড প্রাথমিক বিদ্যালয় সড়কে কিল-ঘুষি দিতে থাকলে ঘটনাস্থলে প্রাণ হারায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
হাটহাজারীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, হাটহাজারীর গড় দুয়ারা ইউনিয়নের শিকদার মসজিদের পাশে ৩ থেকে ৪জন লোক চড়, লাথি, ঘুষি মেরে পিটিয়ে হত্যা করে ওই বখতিয়ার শিকদারকে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।








