মোঃ আলমগীর হোসেন, হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ওয়ার্ডে সিট খালি না পেয়ে ফিরে যাচ্ছেন অনেক রোগী।
করোনা ওয়ার্ডে রোগীতে ঠাসাঠাসি অবস্থা। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। ফলে চিকিৎসা পেতে রোগীদের নিয়ে স্বজনদের ছুটতে হচ্ছে চট্টগ্রাম শহরের হাসপাতালে।
১০ শয্যা বিশিষ্ট করোনা ওয়ার্ডে ইতিমধ্যে ১৩ জন করোনা রোগী ভর্তি আছে।
বৃহস্পতিবার ৮ জুলাই হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭১টি নমুনা পরীক্ষায় ৫৮জনের করোনা শনাক্ত হয়েছে।
গুমানমর্দ্দন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার সিপ্লাসকে বলেন, আমার মার করোনা পরীক্ষা করলে পজেটিভ আসে। শ্বাসকষ্ট থাকায় তাকে ভর্তি করতে আনলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ওয়ার্ডে সিট খালি না থাকায় এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ সিপ্লাসকে বলেন,আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর সিট আছে দশটি তার উপরে আরো তিনজন অতিরিক্ত ভর্তি করানো হয়েছে। সিট খালি না থাকায় করোনা রোগীদের অন্যত্র পাঠাতে হচ্ছে। প্রতিদিনই করোনা রোগী আসছে কিন্তু আমাদের এখানে সিট খালি না থাকায় ভর্তি করতে পারছি না।
করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষকে সচেতন হবার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করলেন এই ডাক্তার।

