নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় আবদুল খালেক (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এসময় গুরুতর আহত হয়েছেন মোঃ মঞ্জুরুল আলম (৩৮) ও সাজ্জাদ (৩৬) নামে আরো দুই আরোহী।আহতরা হলেন চিকনদন্ডী ইউনিয়নের মধু চৌধুরী বাড়ির রুহুল আমিন চৌধুরী ও হাসান জামান বাচ্চু চেয়ারম্যানের বাড়ির মৃত আখতার সোলায়মানের পুত্র।

নিহত আবদুল খালেক চসিকের ১ নম্বর ওয়ার্ড উত্তর ফতেয়াবাদের মৃত ইমাম শরীফের ছেলে।

রোববার (২১ মার্চ) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কস্থ হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড চত্বর মণি ফার্মেসীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, হতাহত আরোহীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের দক্ষিণ দিক থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছামাত্র পেছন দিক থেকে দ্রুতগামী একটি প্রাণ কোম্পানির কাভার্ডভ্যান (যার নং- ঢাকা মেট্রো-উ ১২-১২০১) পেছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ আরোহীরা সড়কে সিটকে পড়ে। ভাগ্যক্রমে চালক ও মোটরসাইকেল বিপরীত দিকে পড়লেও পেছনে বসা দুই আরোহী কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় নিহত খালেক ও মঞ্জু। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেককে মৃত ঘোষণা করে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘হাটহাজারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক বাইকআরোহী নিহত হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক পালিয়ে গেছে। তবে ভ্যানটি আটক করা হয়েছে।’