মোঃ আলমগীর হোসেন, হাটহাজারী: অবশেষে হাটহাজারী উপজেলায় মাহফিল ও ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থান থেকে ফিরে এসেছে বাংলাদেশ মুজাহিদ কমিটি।
দীর্ঘ দেড় মাস ধরে প্রচার-প্রচারণা করা হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠের মাহফিলের স্থান পরিবর্তন করেছে তারা।
মঙ্গলবার ২২ ডিসেম্বর মাগরিবের পর বৈঠকে মুরব্বিদের সাথে পরামর্শে চুড়ান্ত সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মাহফিল কমিটির সচিব মাওলানা মতিউল্লাহ নুরী।
তিনি বলেন আমরা সংঘাতে বিশ্বাসী নই, আল্লাহর দ্বীনের কথা প্রচার করার জন্য একই তারিখে স্থান পরিবর্তন করে হাটহাজারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।বাংলাদেশ মুজাহিদ কমিটির দায়িত্বশীলরা প্রশাসনের সাথে বৈঠক করেও অনুমতি মেলেনি। যার কারণে আমাদের মুরুব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী ঈদগাহ মাঠে মাহফিল অনুষ্ঠিত হবে। প্রশাসনের অনুরোধে দেশ ও জাতির কল্যাণে সংঘাত থেকে বিরত থাকতে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছি।
এদিকে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উপদেষ্টা মোঃ জাফর মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, টুর্নামেন্টের সিডিউল অনুযায়ী হাটহাজারী মডেল পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মাহফিলের বিষয়টি আমাদের আগে জানা ছিল না। করোনা মহামারির আগ থেকে ফাইনাল খেলার চুড়ান্ত তারিখ নির্ধারিত ছিল।
উল্লেখ্য,হাটহাজারীতে একই দিনে চরমোনাই পীরের সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটির বার্ষিক ওয়াজ মাহফিল ও হাটহাজারী টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছিল উভয় পক্ষের আয়োজকরা। গত এক সপ্তাহ আগে থেকে মাহফিলের প্রচারণা শুরু করলেও রবিবার থেকে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট খেলার প্রচারণা শুরু করে একই তারিখের।
প্রচার করা হচ্ছে, উক্ত খেলায় হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম।
একদিকে চরমোনাই পীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম ও মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী মাহফিল প্রেমী এবং অন্যদিকে প্রিয় খেলোয়াড় আশরাফুলের আগমনের খবরে ক্রিকেট প্রেমীদের আনন্দ উচ্ছাস দেখা দিলেও একইদিনে হওয়ায় উত্তেজনা দেখা দিয়েছিল।








