হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে ছুরিকাঘাতে মিলাদুন্নবী মিল্লাত (৩৬) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
শনিবার ( ২৬ জুন) বিকাল ৩টায় উপজেলার লালিয়ারহাটের পশ্চিমে একটি পরিত্যক্ত বালির মাঠ থেকে হাটহাজারী মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করেন।
নিহত মিল্লাত ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করত। সে ঐ এলাকার শান্তি কলোনীতে পরিবার নিয়ে বসবাস করে আসছিল। তার পৈতৃক বাড়ি সন্দীপে। নিহত মিলাদুন্নবী ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। নিহতের দুই ছেলে এক স্ত্রী রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৩টার দিকে লালিয়ারহাট পশ্চিমে ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড রেললাইন সংলগ্ন শান্তি কলোনীর পশ্চিম পাশে একটি পরিত্যক্ত বালির মাঠে মিল্লাতের লাশ পড়ে থাকার খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে জুয়া খেলার ইস্যুতে তাকে হত্যা করা হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) রাজিব শর্মা।
লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন জানান, খুব শীঘ্রই খুনের রহস্য উদঘাটন করে দোষীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

