সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারীতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের(সিভাসু)উদ্যোগে করোনাভাইরাস শনাক্তকরণের দ্বিতীয় ল্যাব উদ্বোধন করে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা যেখান থেকেই পাস করছেন- তাদের সবার জন্য সরকারি কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের দেশে সম্ভব নয়। প্রায় ২৮ লাখ ছাত্র-ছাত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছেন। ২৮ লাখ জব বাংলাদেশে অর্থনীতির ধরনে সৃষ্টি হবে না।
তিনি বলেন, আমাদের অর্থনীতির ধরন হচ্ছে কৃষিভিত্তিক। সেখান থেকে আমরা এখন শিল্পায়নের দিকে যাচ্ছি। এতো চেয়ার টেবিলের চাকরি আমাদের নেই। এতো দাফতরিক চাকরি আমাদের নেই। এতো সার্ভিস ইকোনমি আমাদের নেই। এটা বুঝতে হবে।
‘এখন আপনারা পিতা-মাতার ওপর নির্ভরশীল। কিন্তু বাবার হোটেলে খেয়ে তো সারাজীবন থাকা যাবে না। নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সব ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। ’
নওফেল বলেন, শুধু সরকারি চাকরির আশায় বসে থাকলে বা সরকারি ডেভেলপমেন্ট ওয়ার্কের মেকানিক হিসেবে কাজ করার আশায় বসে থাকলে আপনাদের কপাল, আপনাদের ভাগ্য পরিবর্তন হবে না। এই উপলদ্ধিটা আপনাদের আসতে হবে।
‘পদ থাকলে না হয় ছোট ভাই, বড় ভাই- সবাই দেখলো। এটা নিয়ে আপনি পেটে ভাতে চললেন, সুন্দর কাপড় পরলেন, দামি মোবাইল নিয়ে ঘুরলেন। কিন্তু যখন পদ থাকবে না, তখন একটা কর্মসংস্থানের দরকার হবে। এটা চিন্তা না করে একজন আরেকজনের মাথা ফাটালে লাভ হবে না। ’
নওফেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সৃষ্টিশীল রাজনীতি করার নির্দেশনা দিয়েছেন। সৃষ্টিশীল রাজনীতির মানে হচ্ছে- দেশের তরুণ সম্পদকে, তরুণ সমাজকে দক্ষ করার কাজে আগে নেতাকে নামতে হবে। শুধু পদ নিলে সেই পদ দিয়ে কী হবে?
তিনি বলেন, পদ পেয়ে আপনি যদি কর্মীদের অনুপ্রাণিত করতে পারেন, ৫ জন কর্মীকে দক্ষতাভিত্তিক কাজে অংশগ্রহণ করাতে পারেন- সাধারণ শিক্ষার পাশাপাশি তাদের জীবনমুখী বা ব্যবহারিক শিক্ষার যেসব স্কোপ আছে সেদিকে ধাবিত করতে পারেন তবেই আপনার পদের স্বার্থকতা।
শনিবার(৩১ অক্টোবর)গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপমন্ত্রী ব্যারিস্টার শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী রিসার্চ এন্ড ফার্ম বেইজড ক্যাম্পাসে এ ল্যাবের উদ্বোধন করেন।
এ সময় চট্টগ্রাম জেলা পরিষদ-এর চেয়ারম্যান এম এ সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে ও ডা: তাহিয়া আহমদ লুবনা এর সঞ্চালনায় এ উপলক্ষ্যে ক্যাম্পাস মিলানায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আলম মাসুম, সিভাসুর প্রফেসর ড. নুরুল আবছার খাঁন, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা: এ এস এম ইমতিয়াজ হোসাইন, সহকারি কমিশনার (ভুমি) শরীফ উল্যাহ, মডেল থানার ওসি মাসুদ আলম।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আলহাজ্ব মাওলানা হাফেজ আহমদ।
চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করবে এবং বিআইটিআইডি থেকে পাঠানো নমুনাসমূহ সিভাসু’র এ ল্যাবে পরীক্ষা করা হবে বলে সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তকরণের লক্ষ্যে গত ২৩ এপ্রিল সিভাসু’র মূল ক্যাম্পাসে প্রথম ‘কোভিড-১৯ ল্যাব’ উদ্বোধন করা হয়।

