Site icon CPLUSBD.COM

হাটহাজারীতে মর্টার শেল উদ্ধার

হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারী উপজেলায় মর্টার শেল পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকালে হাটহাজারী উপজেলার পৌরসভাস্থ পশ্চিম দেওয়ান নগর মেখলঘোনা এলাকায় পাহাড়ে পাওয়া যায় এই মর্টার শেলটি।

এলাকাসূত্রে জানা যায়, ছেলেরা খেলার সময় পাহাড়ের চূড়ায় মর্টার শেলটি দেখতে পায়। তারা কৌতূহলবশত মর্টারশেলটি পানিতে নিয়ে পরিস্কার করে এবং তা নিয়ে খেলাধুলা করে। পরে কয়েকজন যুবকের সন্দেহ হলে তারা হাটহাজারী মডেল থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানার ইন্সপেক্টর আমির হোসেনের নেতৃত্ব টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা পাওয়া স্থানটি ঘিরে রাখে। পরবর্তীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের এসআই সন্জয় গুহ ও এসআই স্বপন কুমারের নেতৃত্বে সঙ্গীয়ফোর্স বোমাটি উদ্ধার করে।

এসআই সন্জয় গুহ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি উদ্ধার করি। এটি মিলিটারী আইটেম বিধায় বৃটিশ বা পাকিস্তান আমলের হতে পারে। আমরা উর্ধতন কর্মকর্তার সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেলের শাহাদাৎ হোসেন সিপ্লাসকে বলেন, মর্টার শেলটি উদ্ধার করা হয়েছে এবং বোম্ব ডিসপোজাল ইউনিট পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে।