নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে মেহেদী অনুষ্ঠানে কান্নার রোল: দেয়াল চাপায় নিহত এক যুবক, আহত দুই

হাটহাজারীতে মেহেদী অনুষ্ঠানে কান্নার রোল

মোঃ আলমগীর হোসেন, হাটহাজারী: বিয়ের ডেকোরেশন, বাবুর্চিসহ সকল আয়োজন সম্পন্ন। আজ গায়ে হলুদ আগামীকাল বিবাহ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিছু সংখ্যক আত্মীয়-স্বজনও চলে এসেছে। সন্ধ্যার পরে বরের হাতে মেহেদী দেওয়ার কথা ছিল। বর ও তার চাচাতো ভাই গেছে জুমার নামাজ পড়তে। নামাজ পড়ে বাড়ি ফেরার সময় বরের ঘরের পাশে আপন চাচার বাউন্ডারি দেওয়াল ধ্বসে বরের চাচাতো ভাই নিহত ও বর গুরুতর আহত হয়।

২৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ৩টার দিকে হাটহাজারী পৌরসভার ফটিকা ৬নং ওয়ার্ড় আমিনুর রহমানের বাড়িতে এরকম একটি নির্মম ঘটনা ঘটে।

নিহত মোঃ সবুজ (২৩) উক্ত বাড়ির রমজান আলীর একমাত্র ছেলে ও গুরুতর আহত বর মোঃ নজরুল (২৭) মৃত আনোয়ার হোসেনের ছেলে।

নিহত সবুজের আপন চাচা সিপ্লাসকে বলেন, আজ আমার ভাইপো নজরুলের গায়ে হলুদ, আগামীকাল বিবাহ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। দুইজন নামাজ পড়ে ঘরে আসার সময় বাউন্ডারি দেওয়াল পড়ে আমার দুই ভাইপো গুরুতর আহত হয়। তাদেরকে আমরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার ভাইপো সবুজকে মৃত ঘোষণা করে এবং বর নজরুল গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ যাবৎ ৩-৪ বছর ধরে আমার ভাইকে দেওয়াল সংস্কার করার জন্য বলে আসছি আমি। সে আমার কথায় কর্ণপাত করেনি। যার জন্য আজ আনন্দের দিনে এমন একটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আল্লাহর অশেষ রহমত এ দুর্ঘটনাটি সন্ধ্যার দিকে হলে অনেক জানমালের ক্ষতি হতো। বিবাহ অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে।

এ ব্যাপারে পৌরসভার সহায়ক কমিটির সদস্য মোহাম্মদ জাফর মেম্বারের কাছে জানতে চাইলে তিনি সিপ্লাসকে বলেন, এমন একটি দুর্ঘটনা মেনে নেওয়ার মতো নয়। আজ তাদের একটি বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এমন খুশির দিনে দুর্ঘটনাটি কাম্য নয়। আমাদের পৌরসভার মধ্যে এমন আরো অনেক ঝুঁকিপূর্ণ বাউন্ডারি দেওয়াল রয়েছে এগুলো অপসারণের জন্য পৌর প্রশাসকের সাথে কথা বলব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here