Site icon CPLUSBD.COM

হাটহাজারীতে স্ত্রীর পিটুনিতে স্বামীর মৃত্যুর অভিযোগে থানায় মামলা

সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারী উপজেলার মধ্যম নাঙ্গলমোড়া ইউনিয়নে স্ত্রীর নির্যাতনে এম সেলিম উদ্দিন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত সেলিমের বড় ভাই শাহাব উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

পুলিশ স্ত্রী কুনছুমা সিদ্দিকা প্রিয়াকে রোববার গ্রেফতার করেছে।

আটক কুনসুমা সিদিকি প্রিয়া

স্বজন ও প্রতিবেশীরা জানান, শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সুপারি গাছের ডাল দিয়ে স্বামীকে পেটান স্ত্রী কুনছুমা সিদ্দিকা প্রিয়া (৩০)। আহত সেলিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সেলিম উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হেদায়াত আলীর পাড়ার রাজা মিয়ার ছেলে।

নিহতের বোন পারভিন জানান, দুই বছর হলো আমার ভাই দেশে ফিরেছে। দেশে আসার পর থেকে বউয়ের অত্যাচারের সীমা ছিল না। ঘর থেকে বের করে দিয়ে লাকড়ি রাখার ঘরে আমার ভাইকে থাকতে দেয়া হতো। দেড় বছর ধরে তিনি ওখানেই থাকতেন। ঠিকমতো খেতে দিত না। মূল ফটকের দরজা তালা দিয়ে রাখায় অনেক সময় ভাই বাসায় প্রবেশ করতে পারতেন না। তখন খাবার না খেয়ে মসজিদের বারান্দায় রাতযাপন করতেন। গত সপ্তাহে আমার ভাই যে কুড়েঁঘরে থাকতেন ওই ঘরের তালা ভেঙে কাপড়, চাদরসহ সবকিছু পুকুরে ফেলে দেয় প্রিয়া।

তিনি আরও বলেন, ‘প্রিয়া প্রায়ই ডিভোর্স চাইত। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে সে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে।’

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, প্রিয়ার অবৈধ সম্পর্ক রয়েছে। স্বামীকে না বলে রিজার্ভ সিএনজি করে নানা জায়গায় ঘুরতে চলে যেতেন তিনি। স্বামী সেলিম এ বিষয়ে স্থানীয় মেম্বার-চেয়ারম্যানদের বলেও কোনো সুরাহা পাননি।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত স্ত্রী কুনসুমা সিদ্দিকি প্রিয়াকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে সোমবার(১৪সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জানাজার নামাজের পর মোঃ সেলিমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।