হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারী রাঙ্গামাটি মহাসড়ক এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাসান তারেক বাপ্পা (২৪) নামের এক যুবক নিহত ও আহাদ নামের একজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হাটহাজারীর অংশে রাঙ্গামাটি মহাসড়কের সত্তারঘাট এলাকার গড়দুয়ারা মোড়ে এ দুর্ঘটনা সংগঠিত হয়।
আজ শুক্রবার সকাল ১১টায় হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ও দুপুর ২টায় পশ্চিম মেখল ডাঃ আবদুর রশিদের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
দুই জানাজায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। বাপ্পার অকাল মৃত্যুতে সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। বাপ্পার পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব শোকে প্রায় পাথর।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতে পার্শ্ববর্তী রাউজানে বিয়ের অনুষ্ঠান শেষে রাতে নিজস্ব গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে সত্তারাঘাট ব্রিজের পরে গড়দুয়ারা সড়ক মোড়ে রাস্তার পাশে থাকা একটি বাসের সাথে ধাক্কা লেগে কারটি দুমড়ে মুচড়ে যায়।
এতে বাপ্পার শরীরের বিভিন্ন অংশ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। গুরুতর আহত হয় তার খালাতো ভাই আহাদ। তার অবস্থাও আশঙ্কাজনক। নিহত বাপ্পা মেখল ইউনিয়নের পশ্চিম মেখল ডাঃ আবদুর রশিদের বাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কালাম (কনক) এর দ্বিতীয় পুত্র।

