নিউজটি শেয়ার করুন

হাটহাজারীতে হেফাজতের তাণ্ডব: আরও ২ জন আটক, আমিনুলের ১০ দিনের রিমান্ড

সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারিতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় আমিনুল ইসলাম ও আফতাব উদ্দীন পেয়ারু (২৪) নামে হেফাজতে ইসলামের আরও ২ নেতাকে ফটিকছড়ি থেকে আটক করেছে পুলিশ। তার মধ্যে আমিনুল ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৭ মে) বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আনজুমান আরা বেগমের আদালতে এ রিমান্ড আবেদন করা হয়।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী জানান, হাটহাজারীতে নাশকতার ২৮(০৪)২১ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ মামলায় আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত পরবর্তী তারিখে রিমান্ড শুনানির দিন ধার্য করেন। আজকে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার (২৬ মে) রাত ২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন এক আত্মীয়ের বাড়িতে থেকে আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।

অপর দিকে একই সময়ে ফটিকছড়ির রায়পুরা এলাকা থেকে আফতাব উদ্দীন পেয়ারু (২৪) নামের এক হেফাজতে ইসলামের নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

এ সময় তার কাছ থেকে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র, সংগঠন পদ্ধতি, সদস্য সংগ্রহ ফরম, সংগঠনের লিফলেট ও কর্মীদের রিপোর্ট ফরম উদ্ধার করা হয়।

আফতাব উদ্দিন ওই এলাকার মাওলানা আলাউদ্দিনের ছেলে। তিনি ফটিকছড়ির স্থানীয় হেফাজত নেতা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী। তিনি বলেন, বুধবার দিবাগত রাতে ফটিকছড়ির রায়পুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাটহাজারীতে ২৬ থেকে ২৮ মার্চ যে সহিংসতার ঘটনা ঘটেছে, তাতে আফতাব উদ্দীন জড়িত।