সিপ্লাস ডেস্ক: হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত হওয়া কেন্দ্রীয় কমিটির দুই যুগ্ম-মহাসচিব মামুনুল হক ও জুনায়েদ আল হাবিব এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে হাটহাজারীর নাশকতার ঘটনায় দায়ের হওয়া ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
হাটহাজারী থানার পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার ১৯ মে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সারের আদালত শুনানি শেষে হেফাজত নেতাদের শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হুমায়ুন কবির বলেন, হাটহাজারীর নাশকতার ঘটনায় দায়ের হওয়া পাঁচ মামলায় হেফাজতের তিন নেতাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। বুধবার ভার্চুয়ালি শুনানি শেষে আদালত তাদের শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন।
তিন নেতার মধ্যে জুনায়েদ আল হাবিবকে ১৭ এপ্রিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেপ্তার করেছে।
পরদিন ১৮ এপ্রিল সোনারগাঁওয়ে নারীকাণ্ডে দেশ-বিদেশে সমালোচিত মাওলানা মামুনুল হক আটক হন পুলিশের হাতে। এর আগে ১১ এপ্রিল রাতে হাটহাজারীতে হেফাজতের বৈঠক শেষে শহরে ফেরার পথে ডিএমপির গোয়েন্দা টিম আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
হেফাজতের এই তিন নেতাকে পুলিশ একাধিকবার ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় রিমান্ডে নিয়েছিলেন। একটি মামলায় মামুনুল হকের রিমান্ড এখনো চলছে। অপর দুজন কারাগারে আছেন।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে হেফাজতের কর্মীরা চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া এবং রাজধানী ঢাকায় জ্বালাও পোড়াওসহ তাণ্ডব চালায়। এ ঘটনায় হাটহাজারী থানায় পাঁচটি মামলা হয়েছে। মামলাগুলো জেলা পুলিশের পাশাপাশি পিবিআই এবং সিআইডিও তদন্ত করছে।

