নিউজটি শেয়ার করুন

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক এখন নিজেই রোগী!

মোঃ আলমগীর হোসেন, হাটহাজারী: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কটি নিজেই এখন রোগীতে পরিণত হয়েছে।

ক্ষতবিক্ষত গর্ত আর খানাখন্দে ভরা হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বেহাল দশায় হাসপাতালে আসা রোগী ও এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় সামান্য বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় সড়কটি দিয়ে যানবাহনের পাশাপাশি পায়ে হেটে চলাচল করাও দিন দিন বেশ কষ্টসাধ্য হয়ে পড়ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রাম ভেটেনারি এনিম্যাল সাইন্সেস রিসার্চ এন্ড বিশ্ববিদ্যালয়, ডেইরী ফার্ম, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন স্থানে যাতায়াতের মাধ্যম হিসেবে এ সড়ক দিয়ে প্রতিদিন চার হাজারের অধিক মানুষ যাতায়াত করলেও গত দুই বছর ধরে সড়কটি এইভাবে পড়ে রয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কটিতে সৃষ্ট একাধিক গর্তের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা প্রসূতি মা ও দুর্ঘটনা কবলিত আহতদের বেশ কষ্ট সহ্য করতে হচ্ছে। সড়কটির অনেক অংশেই কার্পেটিং উঠে গর্ত হয়ে গিয়েছে। দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে ভরাট হয়ে সড়কটির ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। এই বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে দেখা মিলছে জলাবদ্ধতার। রাস্তায় সৃষ্ট একাধিক গর্তে জমে থাকা পানিতে পায়ে হেটে চলাচলকারীদের পরিধেয় কাপড় চোপড় নষ্ট হচ্ছে প্রতিনিয়ত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা মানিক জানান, ক্ষতবিক্ষত এই সড়ক দিয়ে হাসপাতালে আসতে তাদের কষ্টের সীমা থাকে না।

অন্যদিকে হাফিজ উদ্দীন নামে এক স্থানীয় বাসিন্দা অভিমান করে সিপ্লাসকে জানান, সামান্য বৃষ্টিতে হাটু পরিমাণ জলাবদ্ধতা এই সড়কে এখন নিত্য দিনের চিত্র হয়ে দাড়িয়েছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও কারো নজরে পড়েনি এ সড়কটি। এসময় তারা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম ইমতিয়াজ হোসাইন সড়কটির বেহাল দশার কথা স্বীকার সিপ্লাসকে বলেন, সড়কটি সংস্কারের জন্য কর্তৃপক্ষকে অনেক বার অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে কথা হলে হাটহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী বেলাল আহমেদ খাঁন সিপ্লাসকে জানান, বৃষ্টির কারণে সড়কটির সংস্কার কাজ শুরু করা যাচ্ছে না। বর্ষা মৌসুম শেষ হলেই সড়কটি সংস্কারের কাজ শুরু করবো।