নিউজটি শেয়ার করুন

হাটহাজারী মডেল থানায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

“পুলিশের সঙ্গে কাজ করি,মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে হাটহাজারী মডেল থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উদযাপন করছে ।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় হাটহাজারী মডেল থানায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার থানায় এসে শেষ হয় ।

বেলুন উড়িয়ে ও কেক কেটে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল-মাসুম।

পরে হাটহাজারী মডেল থানা মিলনায়তনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

উদ্বোধক ও প্রধান অতিথি হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল-মাসুম বলেন, সম্রাট আকবরের সময়ে কোতোয়াল বাহিনী নামে একটি বাহিনী তৈরি করেছিল, তাদের কাজ হলো যারা খাজনা ট্যাক্স দিবেনা তাদেরকে জোর করে এনে পিঠাপিঠি করে খাজনা ও ট্যাক্স আদায় করা। সে কোতোয়াল বাহিনী থেকে পুলিশ বাহিনী। ১৮৬১ সাল থেকে পুলিশ বাহিনীকে শুধুমাত্র নেগেটিভ কাজের জন্য ব্যবহার করা হতো, এই দীর্ঘ শতাব্দী ধরে যদি পুলিশ বাহিনীকে নেগেটিভ কাজে ব্যবহার করা হয় তাহলে তো সাধারণ মানুষের মনে নেগেটিভ ধারণা থাকবে এটাই স্বাভাবিক। এই নেগেটিভ ধারণা থেকে পুলিশ আজ তার কর্মকাণ্ডের মাধ্যমে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।

তিনি আরো বলেন,কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরও জোরদার করা গেলে পুলিশের কাজে জনগণের সহযোগিতা যেমন পাওয়া যাবে, তেমনি সমাজে অপরাধ প্রবণতাও কমে আসবে। কমিউনিটি পুলিশ জোরদার হলে সবাইকে নিরাপত্তা দেওয়া যাবে। ছোট ছোট বিরোধ উৎসের সময়ই শেষ করে দিতে পারলে থানায় আর মামলা করতে হবে না। অপসংস্কৃতি নিবৃত্ত করাই কমিউনিটি পুলিশিংয়ের কাজ। কমিউনিটি পুলিশ সক্রিয় হলে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক দ্রব্য, ইভটিজিং ও বাল্য বিয়ে থাকবে না।

অনুষ্ঠানের সভাপতি ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর স্থানীয় সংবাদকর্মীদের উদ্দেশ্য করে বলেন,আপনারা প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়ান অনেক তথ্য আমাদের আগে আপনাদের কাছে আসে, সেটা পত্রিকায় প্রকাশ করার আগেই যদি আমাদেরকে একটু জানান তাহলে অপরাধীকে ধরতে আমাদের সহজ হবে। আমি এই থানায় স্থানীয় সাংবাদিক ভাইদের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবাই একসাথে কাজ করলে সারা বাংলাদেশের মাধ্যমে এই হাটহাজারী মডেল থানা একটি শান্তির থানায় পরিণত হবে।

উক্ত অনুষ্ঠানে মডেল থানার কর্মরত পুলিশ অফিসার, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা, স্থানীয় সংবাদকর্মীরা, বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।