হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী উপজেলার মির্জাপুরে পরিত্যক্ত অবস্থায় দুইটি অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে ১টি এলজি ও ১টি ওয়ান সুটার গান উদ্ধার করা হয়েছে বলে জানায় মডেল থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, সাদা প্লাষ্টিকের একটি ব্যাগে মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ গলাচিপা মনছুরাবাদ কলোনীর গুন্ডিশাহ মাজারের খাদেমের গরুর খামারের বাড়ি সংলগ্ন খড়ের স্তুপের পাশে পড়ে থাকা অবস্থায় অস্ত্র গুলো এলাকাবাসী দেখতে পায়।
স্থানীয়রা ইউপি সদস্যকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ পৌঁছে ব্যাগের মধ্যে লাল কাপড়ে মোড়ানো একটি এলজি ও একটি ওয়ান সুটার গান উদ্ধার করে।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ওসি ( তদন্ত) রাজিব শর্মা সিপ্লাসকে বলেন,মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্যের ২টি অস্ত্র পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে আমরা গিয়ে অস্ত্র ২টি উদ্ধার করে থানায় নিয়ে আসি। থানায় নিয়ে এসে চেক করে দেখি অস্ত্র দুটি অকেজো।








