হাটহাজারী প্রতিনিধি: দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালানো হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) বিকাল ৪ টা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনির নেতৃত্বে আইডিএফ সদস্য ও আনসার বাহিনী সদস্য এই অভিযানে সহযোগিতা করেন।
অভিযানটি হাটহাজারী উপজেলা গড়দুয়ারা নয়াহাট থেকে শুরু হয়ে মেখল,ছিপাতলী, নাঙ্গলমোড়া, গুমানমর্দ্দন, ধলই ও ফটিকছড়ি অংশের সমিতিরহাট ইউনিয়নে পরিচালনা করা হয়।
এখানে প্রচুর বড় মাছের বরশি ও জাল বসানোর ভেলা এবং বাঁশ জব্দ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি সিপ্লাসকে বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করি। এসময় ২০টি মাছ ধরার বরশি, বড় মাছ ধরার বিপুল সরঞ্জাম বাঁশ ও ভেলা পাওয়া যায় এবং তা জব্দ করা হয়। তবে কাউকে আটক বা পাওয়া যায়নি। প্রশাসনকে ফাঁকি দিয়ে হালদায় যারা এসব কর্মকাণ্ড চালাচ্ছে তারা নিজের ও দেশের সম্পদ নষ্ট করছে। হালদা আমাদের দেশের জন্য একটা গৌরব এবং এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য কেন্দ্র হিসেবে এটা রক্ষা করা আমাদের সকলের দ্বায়িত্ব।
হালদা রক্ষায় এই অভিযান চলমান থাকবে।








