রাউজান প্রতিনিধিঃ দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১২ টা থেকে শুরু করে হালদা নদীর রাউজান অংশের গহিরা হ্যাচারী ঘাট হতে সর্তাঘাট পর্যন্ত দীর্ঘ আড়াই ঘন্টা অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ,উপজেলা আনসার-ভিডিপি উপজেলা অফিসার ইনচার্জ তারেক মুহাম্মদ প্রমূখ। অভিযানের টের পেয়ে নদী খেকোরা সর্তারঘাট এলাকায় ইঞ্জিন চালিত বালুবাহী একটি নৌকা ফেলে পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালত নৌকাটি জব্দ করে ইঞ্জিন আগুনে পুড়িয়ে এবং নৌকার তলা ফুটো করে ধ্বংস করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদা নদীর জীব-বৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে আগুন লাগিয়ে ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করা হয়েছে।








