Site icon CPLUSBD.COM

হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি: হালদা নদীতে আবারও মৃত ডলফিন ভেসে উঠেছে।

বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হাটহাজারী উপেজলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সিহাট এলাকায় হালদা নদী থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

হালদা পারের বাসিন্দারা বলেন, নদীতে চলাচল করা বালুবাহী নৌযান এবং ইঞ্জিনচালিত নৌকার প্রপেলারের (পানির নিচে থাকা ইঞ্জিনের সঙ্গে যুক্ত পাখা) আঘাতে এই ডলফিনের মৃত্যু হয়। হালদায় যে ডলফিন দেখা যায়, তা স্থানীয়ভাবে উত্তোম বা শুশুক নামে পরিচিত। মিঠাপানির স্তন্যপায়ী এই প্রাণী গেঞ্জেস বা গাঙ্গেয় ডলফিন। সাধারণত দূষণমুক্ত পরিষ্কার পানিতে এটি বিচরণ করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মনজুরুল কিবরিয়া সিপ্লাস টিভিকে বলেন, আজ ১০টার দিকে হালদা নদী থেকে ৩০তম মৃত একটি ডলফিন উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান হালদা নদীতে নিয়মিত টহল দেয়ার সময় মৃত ডলফিনটি উদ্ধার করে রামদাস মুন্সিহাট হালদা নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, বন বিভাগ এবং আইডিএফ এর প্রতিনিধির উপস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি এবং প্রাণিবিদ্যা বিভাগকে ডলফিনটি হস্তান্তর করেন।

ডলফিনটির দৈর্ঘ্য ৫৯ ইঞ্চি এবং ওজন প্রায় ৩৫ থেকে ৪০ কেজি। মৃত ডলফিনটির দেহ পঁচে যাওয়ায় দেহে কোন আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।