Site icon CPLUSBD.COM

হালদা নদী থেকে ১২কেজি ওজনের মৃত কাতলা মা মাছ উদ্ধার

মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী শুধুই একটি নদী নয়, এটি একটি রুপালি সম্পদের খনি। কিন্তু বর্তমানে হুমকির মুখে বিশ্বের অন্যতম একমাত্র মিঠাপানির কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী।
শুক্রবার (১১অক্টোবর) সকাল ১০টার দিকে হালদা নদীর গড়দুয়ারা এলাকায় ১২কেজি ১শত গ্রাম ওজনের একটি কাতলা মৃত মা-মাছ পাওয়া গিয়েছে। মাছটি দেখতে পেয়ে স্থানীয় ১জন মহিলা বস্তাবন্দি করে পুকুরে বেঁধে রেখেছে। খবর পেয়ে গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার মোরশেদ তালুকদার লোক পাঠিয়ে পুকুর থেকে মাছকে উদ্ধার করে হাটহাজারী উপজেলায় নিয়ে আসেন।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন সিপ্লাসকে বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে হালদা নদীর গড়দুয়ারা ব্লক থেকে ১জন মহিলা মাছটি পেয়েছে বলে জানতে পেরেছি। সেখান থেকে স্থানীয় চেয়ারম্যান লোক দিয়ে মাছটি উদ্ধার করে আমার কাছে পাঠিয়েছেন। মাছের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই, বিষ দিয়ে না কি জাল দিয়ে কিভাবে মাছটি মারা গেছে আমরা তদন্ত করে দেখব। মাছটির ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে পাঠিয়ে দিয়েছি।
তিনি আরও বলেন, আমি প্রায় প্রতি রাতে হালদায় অভিযান চালাচ্ছি, গতরাত ১২টায় হালদা নদীতে অবৈধভাবে জাল বসিয়ে মাছ শিকার করছে এমন গোপন সংবাদ পেয়ে নদীতে অভিযান পরিচালনা করে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ আমতুয়া এলাকা থেকে এক হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছি।