নিউজটি শেয়ার করুন

হালিশহরে ত্রাণের দাবিতে অটোরিকসা চালকদের বিক্ষোভের মধ্যে খাবারের গাড়ি লুট!

ত্রাণের দাবিতে শনিবার হালিশহর বড়পুল এলাকায় বিক্ষোভ করে অটোরিকশা চালকরা

সিপ্লাস প্রতিবেদক: করোনা ভাইরাসের দূর্যোগের মধ্যে নগরীর হালিশহর বড়পুল এলাকায় অটোরিকসা চালকদের বিক্ষোভের সময় জাহাজে খাবার সরবরাহকারী একটি পিকআপ ভ্যান খাবার লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বেলা ১২টার দিকে লুটপাটের এই ঘটনা ঘটে বলে পিকআপটির চালক রবিউল হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, তিনি পতেঙ্গার পদ্মা অয়েলের জেটিতে থাকা একটি জাহাজের নাবিকদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন।

“আমরা রেয়াজুদ্দিন বাজার থেকে খাবার পিকআপে করে পতেঙ্গা এলাকায় যাচ্ছিলাম। আগ্রাবাদ এলাকায় লোকজনের বিক্ষোভ দেখতে পাওয়ায় বড়পুল দিয়ে যাবার চেষ্টা করি। সেখানে কিছু লোক আমাদের গাড়িটি আটকে সাথে থাকা খাবার সামগ্রী লুটপাট করে নিয়ে যায়।”

রবিউল বলেন, পিকআপ থেকে দুই বস্তা চাল, দুই কার্টন আপেল, এক কার্টন মাল্টা, ১৪ কেজি গরুর মাংস, বিপুল পরিমাণ তরমুজ ও বাঁধাকপি লুট হয়েছে।

এ ব্যাপারে হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, তিনি এমন কোনো খবর জানেন না, কেউ থানায় অভিযোগও করেনি।

তবে ওই সময়ে বড়পুল এলাকায় ত্রাণের দাবিতে অটোরিকশা চালকরা বিক্ষোভ করেছিল বলে জানান ওসি।

নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের কারণে সঙ্কটে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

বড়পুল এলাকায় বিক্ষোভকারী অটোরিকশা চালকরা বলছেন, ২০ দিনেরও বেশি সময় ধরে তারা গাড়ি নিয়ে সড়কে নামতে না পারায় কোনো রোজগার নেই। তাদের যা জমা টাকা ছিলও, তাও শেষ হয়ে গেছে। তারা কোনো ত্রাণসামগ্রীও পাননি।