নিউজটি শেয়ার করুন

হাসপাতালে নওয়াজের সঙ্গে মেয়ে মরিয়ম থাকবেন

হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তাঁর মেয়ে মরিয়ম নওয়াজকে থাকতে দেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার হাসপাতালে বাবার সঙ্গে দেখা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মরিয়ম। এরপর তাঁকে লাহোরের কোট লাখপাত জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হলে মরিয়মকে তাঁর বাবার সঙ্গে থাকতে দেওয়ার নির্দেশ দেন ইমরান। গতকাল শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম এ কথা জানায়।

বুধবার অসুস্থ বাবাকে দেখার জন্য মরিয়মকে কোট লাখপাত কারাগার থেকে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে লাহোরের সার্ভিসেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ওই অবস্থায়ই কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

সংবাদমাধ্যম জানায়, ইমরানের নির্দেশ পাওয়ার পর বর্তমানে মরিয়মকে সার্ভিসেস হাসপাতালের ভিভিআইপি-২-এ রাখা হয়েছে। যেখানে তাঁর বাবা নওয়াজ শরিফকে একই হাসপাতালের ভিভিআইপি-১-এ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংবাদমাধ্যম আরো জানায়, হাসপাতালে মরিয়মের শরীরের বিভন্ন পরীক্ষ-নীরিক্ষা করা হবে। এর পরই তাঁকে আবারও কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।

অর্থপাচার সংক্রান্ত একটি মামলায় পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়মকে গত মাসে ১৪ দিনের বিচার বিভাগীয় জিজ্ঞাসাবাদে পাঠান অ্যাকাউন্টিবিলিটি কোর্ট। বুধবার সেই রিমান্ডের মেয়াদ আরো দুই দিন বাড়ানো হয়েছে।

পাঞ্জাব প্রদেশের গভর্নর মোহাম্মাদ সারওয়ারকে উদ্ধৃত করে জিও টিভি জানায়, প্রধানমন্ত্রী ইমরান মরিয়ম ও নওয়াজ শরিফের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। এরপর তিনি মরিয়মকে হাসপাতালে স্থানান্তর করতে সরকারকে সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন। সংবাদমাধ্যমটি বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে জানায়, মরিয়ম যাতে তাঁর বাবার সঙ্গে হাসপাতালে অবস্থান করতে পারেন সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারকে নির্দেশ দিয়েছেন ইমরান।

এর আগে পিএমএল-এন মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব জানান, পিএমএল-এন ভাইস প্রেসিডেন্টকে যখন জেলে ফিরিয়ে নেওয়া হচ্ছিল তখন তাঁর রক্তচাপ বেড়ে যায়। একই সঙ্গে তাঁর হৃদযন্ত্র ঠিকভাবে কাজ করছিল না। তিনি আরো জানান, মরিয়মকে এভাবে কারাগারে ফিরিয়ে নেওয়ার অর্থই হলো নওয়াজ শরিফকে মানসিকভাবে অত্যাচার করা।

রক্তের প্লাটিলেট অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় সোমবার নওয়াজকে কোট লাখপাত জেল থেকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া বুধবার রক্তের প্লাটিলেট সাত হাজারে নেমে এলে নওয়াজের জীবন হুমকির মধ্যে পড়ে। গতকাল ডন সংবাদপত্র জানায়, নওয়াজের চিকিৎসায় সার্ভিসেস হাসপাতালের প্রিন্সিপাল আয়েজ মাহমুদের নেতৃত্বে ছয় সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আয়াজ মাহমুদ বলেন, ‘আমরা আশা করছি খুব অল্প দিনের মধ্যেই নওয়াজ সুস্থ হয়ে উঠবেন।’

সৌদি আরবে আল-আজিজিয়া স্টিল মিলের মালিকানার অর্থের উৎস প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় গত বছরের ডিসেম্বরে দেশটির দুর্নীতিবিরোধী একটি আদালত নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দেন। এর পর থেকেই তিনি লাহোরের কোট লাখপাত জেলে বন্দি। সূত্র : পিটিআই।