নিউজটি শেয়ার করুন

হাসপাতাল থেকে আসামির পিঠটান, ২ পুলিশ বরখাস্ত

সিপ্লাস ডেস্ক: পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা এক আসামি পালিয়ে গেছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাব্বী (১৯) নামের ওই আসামি সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায় বলে পুলিশ সদস্যরা জানিয়েছেন।

সবুজবাগ থানার ওসি মাহবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “দায়িত্বরত পুলিশ সদস্যদের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এরইমধ্যে এএসআই খায়রুল আলম ও কনস্টেবল মাহবুব হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

পুলিশ সদস্যরা জানান, রাব্বী তার ভাই শাওনের কাঁধে ভর দিয়ে বাথরুমে যাওয়ার নাম করে ১২০ নম্বর ওয়ার্ডের পেছনের দরজা দিয়ে বের হয়ে আর ফিরে আসেননি।

রাব্বীর বিরুদ্ধে সবুজবাগ থানায় মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে বলে ওসি মাহবুব জানিয়েছেন।

২৮ অগাস্ট তাকে পিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাব্বীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানিয়েছেন।