নিউজটি শেয়ার করুন

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

সিপ্লাস ডেস্ক: করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী আবদুল মাল আবদুল মুহিত।

বুধবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে তিনি তার ঢাকার বনানীর বাড়িতে পৌঁছেছেন। এর আগে তিনি করোনাক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

গত দুইদিন আগে তার করোনার ফলাফল নেগেটিভ আসে। বুধবার রাতে তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি নিয়ে তাকে বিশেষ ব্যবস্থায় নিজ বাড়িতে পৌঁছানো হয়েছে। তবে তিনি বাড়িতে থাকলেও সার্বক্ষণিক চিকিৎসকদের মনিটরিংয়ে থাকবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সাবেক অর্থমন্ত্রী মুহিতের ভাগ্নিজামাই ড. আহমদ আল কবীর বলেন, আবুল মাল আবদুল মুহিত করোনা মুক্ত। তবে শারীরিকভাবে এখনো অনেকটা দুর্বল রয়েছেন। পুরোপুরি সুস্থ হতে আরও সপ্তাহখানেক সময় লাগবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

গত ২৪ জুলাই ৮৭ বছর বয়সী সাবেক অর্থমন্ত্রীর আবুল মাল আবদুল মুহিতের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে রাজধানীর বনানীর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। এই অবস্থায় ২৮ জুলাই বিকেলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। আবদুল মুহিত করোনা টিকার দুটি ডোজই নিয়েছিলেন।

আবুল মাল আবদুল মুহিত ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর রাজনীতি থেকে অবসর নেন। তিনি এ পর্যন্ত ১২টি বাজেট উপস্থাপন করেন, এর মধ্যে ১০টি আওয়ামী লীগ সরকারের আমলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here