সিপ্লাস প্রতিবেদক: জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমদ বাবলুর ছোট ভাই চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির সভাপতি ও কাশেম-নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মরহুম হাসান মাহমুদ চৌধুরীর কবরস্থান মিরপুর বুদ্ধিজীবী অংশে হয়নি।
শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের সাথে আলোচনা করে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এ ব্যাপারে ভুল বুঝাবুঝির অবকাশ নেই।
উল্লেখ্য, শিল্পপতি হাসান মাহমুদ চৌধুরী সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সেদিন বাদ এশা ঢাকা গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে মিরপুর কবস্থানে দাফন করা হয়। তাঁকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে প্রচার হওয়ায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ৬টি কবস্থান রয়েছে। প্রত্যেকটি কবরস্থানের অগ্রিম কবর সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। তবে কর্তৃপক্ষের অনুমোদন ও স্থান প্রাপ্যতা সাপেক্ষে এসব কবরস্থানে বিভিন্ন মেয়াদে কবর সংরক্ষণের সীমিত ব্যবস্থা রয়েছে। সংরক্ষণের নির্ধারিত ফি পরিশোধ পূর্বক ১৫/২৫ বছরের জন্য কবর সংরক্ষণ করা যাবে। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে দাফনের জন্য প্রমাণ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত তালিকায় নাম থাকতে হবে এবং যথাযথ মুক্তিযোদ্ধা সনদ দাখিল সাপেক্ষে কর্তৃপক্ষের অনুমতিক্রমে ১০ (দশ) বছর ফ্রি কবর সংরক্ষণের সুবিধা দেওয়া হয়ে থাকে।








