নিউজটি শেয়ার করুন

হিজড়া জনগোষ্ঠীকে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে : চট্টগ্রামের ডিসি

৪৫০ জন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান

সিপ্লাস প্রতিবেদক: প্রধানমন্ত্রীর মানবিক উপহার প্রদানকালে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।

রবিবার(৮ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় কোর্ট বিল্ডিং প্রাঙ্গনে ৪৫০ জন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান কালে জেলা প্রশাসক এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রতিজনকে দেয়া হয় ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল,১ কেজি আটা, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ১ প্যাকেট টোস্ট বিস্কুট সম্বলিত প্যাকেট।

জেলা প্রশাসক বলেন, করোনা মহামারীর এই কঠিন সময়ে আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে, মানুষকে খাদ্য সহায়তাসহ নগদ অর্থ সহায়তা প্রদান করতে । বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান করার চেষ্টা করছি।এরই ধারাবাহিকতায় আজ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করেছি। গত এপ্রিল মাসেও প্রায় ৩০০ জনকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার প্রদান করেছি।

চট্টগ্রামের জেলা প্রশাসক এসময় বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে, ডিজিটাল ও উন্নত দেশ গঠনেও তাদের ভূমিকা থাকা আবশ্যক। তাই যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসকের কার্যালয়েও তাদের যোগ্যতা অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে চাকরি প্রদান করা হবে। ইতোমধ্যে সমাজসেবা কার্যালয় এবং এনজিওদের কে সম্পৃক্ত করে চট্টগ্রামের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকাংশকে কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই মেশিন চালনা সহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানের জন্য জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে।

করোনা মহাদুর্যোগের প্রথম থেকেই তৃতীয় জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা সহায়তা প্রদান করছি, আগামীতেও এ সহায়তা প্রদান করার আশা রাখছি। যারা কষ্টে আছে তাদের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে।

যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন ও সমাজসেবা অফিসকে অবহিত করতে আহ্বান জানান চট্টগ্রামের জেলা প্রশাসক।

অনুষ্ঠানে উপস্থিত তৃতীয় লিঙ্গের প্রতিনিধি ফাল্গুনী মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ক্রান্তিলগ্নে জেলা প্রশাসক আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদেরকে  ধারাবাহিকভাবে খাদ্যসামগ্রী প্রদান করছেন। পাশাপাশি তিনি আমাদের জন্যে চাকরির ব্যবস্থা করছেন এজন্যে আমরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। এ সময় দেশের উন্নয়নে কর্মকান্ডে তাদেরকে সম্পৃক্ত রাখার জন্য তিনি অনুরোধ জানান।

উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কাজে লাগাতে হবে বলেও দাবী করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here