সিপ্লাস ডেস্ক: হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে (২৮) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর ডেমরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, রাজধানীর ডেমরা থেকে হেফাজত নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি হেফাজতের তাণ্ডব ও নাশকতার ঘটনায় পল্টন থানায় দায়েরকৃত একটি মামলার আসামি তিনি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।
একই দিন সন্ধ্যায় দেশব্যাপী আন্দোলনের নামে তাণ্ডব, জ্বালাও-পোড়াওয়ে সশরীরে নেতৃত্ব দেওয়ার অভিযোগে হেফাজতে ইসলামের আরেক নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে (৪৩) গ্রেফতার করে ডিবি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে ঘিরে গত ২৬ ও ২৭ মার্চ দেশের বিভিন্ন স্থানে চালানো হেফাজতে ইসলামের তাণ্ডবে ১৭ জনের প্রাণহানি ঘটে। এছাড়া থানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় সারাদেশে শতাধিক মামলায় প্রায় এক হাজার জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। মামুনুল হকসহ হেফাজতের নেতৃত্ব পর্যায়ের অন্তত ১৫ জনকে গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে একাধিক পুলিশ কর্মকর্তা জানান, ক্ষমতা দখলের নেশায় হেফাজতের বেশকিছু নেতা উগ্র হয়ে উঠেছিলেন। এজন্য তারা ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে দিতে উগ্রবাদী বক্তব্য দিতেন। এসব বক্তব্যের উদ্দেশ্যই ছিলো সরকারের বিরুদ্ধে ধর্মভীরু মানুষকে খেপিয়ে তোলা। পাকিস্তানের ‘তেহেরিক-ই-লাব্বায়িক’ নামের সংগঠনের আদলে তারা হেফাজতে ইসলাম বাংলাদেশকে গঠন করে পাকিস্তান বা আফগানিস্তানের মতো এ দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন।







