Site icon CPLUSBD.COM

হেফাজত নেতা হারুন ইজহার আটক

সিপ্লাস প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত হওয়া কমিটির সাহিত্য ও গবেষণা সম্পাদক মুফতি হারুন ইজহারকে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে।

হারুন ইজহার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে।

বুধবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) একটি টিম নগরের লালখান বাজার মাদ্রাসা থেকে তাকে আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, র‌্যাবের একটি টিম হারুন ইজহারকে আটক করেছে। তবে সেই টিম চট্টগ্রামের না ঢাকার তা নিশ্চিত করেননি।

এদিকে, রাত ১টার দিকে হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকী তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, হারুন ইজহারকে র‌্যাব তুলে নিয়ে গেছে।

তবে হারুন ইজহারকে আটকের বিষয়ে জানার জন্য র‌্যাব-৭ এ মিডিয়া অফিসারকে ফোন করলেও রিসিভ করেননি।

এর আগে ২০১৩ সালের ১০ জুলাই চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় হারুন ইজহার গ্রেপ্তার হয়েছিলেন। দীর্ঘদিন তিনি কারাগারে থাকার পর তিনি মুক্তি পেয়েছিলেন।