সারাদেশে অনুষ্ঠেয় জেএসসি ও জেডিসি পরীক্ষাকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্ত অনুসারে জেলা প্রশাসক, চট্টগ্রামের নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম নগরীর কোচিং সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করে আসছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
তারই ধারাবাহিকতায় বুধবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রামের জামালখান এলাকার হেমসেন লেইনে বাবলা দে’র কোচিং সেন্টারে অভিযান পরিচালিত হয়।
এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই কোচিং সেন্টারটিতে অভিযান পরিচালনা করা হয়।
এতে আমরা দেখেতে পেয়েছি জেএসসি ও জেডিসি পরীক্ষা চলাকালীন সময় কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারি নির্দেশনা থাকার পরেও জনাব বাবলা দে তার কোচিং ব্যবসা পুরোদমে চালু রেখেছেন।
অভিযানের সময় প্রায় শ খানেক শিক্ষার্থী কোচিং সেন্টারটিতে উপস্থিত ছিল।
এ অভিযানের সময় কোচিং সেন্টারটিকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ১৮৯ ধারা ভঙ্গের অপরাধে সর্বমোট ৩ (তিন) হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জনাব বাবলা দে এর কাছ থেকে ভবিষ্যতে সরকারি নির্দেশনা মান্য করে কোচিং সেন্টার পরিচালনা করবার মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।








