গাজিপুরে বাসের হেলপারের ধাক্কায় চাকার নিচে পিষ্ট হয়ে হাবিবুর রহমান (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ১৫ অক্টোবর ) সকালে টঙ্গী মিলগেট এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় তার সহপাঠী ও পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
নিহত কলেজছাত্র হাবিব গাজীপুর মহানগরীর ৫৫ নম্বর ওয়ার্ডের টংগী মিলগেট এলাকার সেলিম ড্রাইভারের ছেলে ও টংগী সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র। সে তার পরিবারের সঙ্গে টংগী মিলগেট এলাকায় ভাড়া থাকত। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে মিলগেট এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন হাবিবুর। এ সময় ভিআইপি পরিবহনের একটি বাস এলে সেটিতে ওঠার চেষ্টা করেন তিনি। বাসে ওঠার সময় বাসের হেলপার তার পথ আটকান। হাবিবুর ছাত্র ভাড়া (অর্ধেক ভাড়া) দিতে চাইলে হেলপারের সঙ্গে কথা-কাটাকাটি হয় তার। একপর্যায়ে বাসের হেলপারের ধাক্কায় রাস্তায় পড়ে যান হাবিবুর। এ সময় বাসটি তার পায়ের ওপর দিয়ে চলে গেলে পা থেঁতলে যায় হাবিবুরের। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, কলেজছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তার সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। নিহত ছাত্রের পরিবারের সদস্যদের অভিযোগ অনুযায়ী মামলা নেওয়া হবে।








