সিপ্লাস প্রতিবেদক: কক্সবাজার থেকে ঢাকায় ফার্নিচার নেওয়ার সময় ট্রাক চালক ও হেলপারের সহযোগিতায় কোটি টাকার আইস পাচারে জড়িত ট্রাকমালিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার(৯ অক্টোবর) বিকালে টেকনাফ পৌরসভা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফের শাহ পরীর দ্বীপ মৌলভী পাড়ার মৃত হাশেমের ছেলে ট্রাক মালিক মো. দিদার হোসেন, চকরিয়া পৌরসভার মাইজ পাড়া এলাকার লাল মিয়ার ছেলে মো. রহমত আলী এবং টেকনাফের পুরান পল্যান পাড়ার মৃত মো. আলমের ছেলে মো. রাহমত আলী ।
পুলিশ জানায়, গ্রেফতার ট্রাকচালক ও হেলপারের দেওয়া তথ্যে কক্সবাজারের টেকনাফ পৌরসভা এলাকায় ট্রাকমালিক দিদারের বাড়িতে ওসি তদন্ত সুজন কুমার দে ও সেকেন্ড অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। অভিযানে দিদারসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়।
এর আগে শুক্রবার ভোর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটে ট্রাকের এয়ারকুলার প্যানেলে লুকিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ পাচারকালে ট্রাকচালক ও হেলপারকে গ্রেফতার করে পুলিশ। কক্সবাজার থেকে বেসরকারি এক এনজিও কর্মকর্তার আসবাবপত্র নেওয়ার সময় তার অগোচরে দিদার নামে ওই গাড়ির মালিক বেশি দামে এসব মাদক ঢাকায় বিক্রি করতে পাচার করছিলেন।
এদিকে গ্রেফতার ট্রাকচালক ও হেলপারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার আদালত তাদের রিমাণ্ড মঞ্জুর করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, কক্সবাজারে অভিযান চালিয়ে ট্রাক মালিক দিদারসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের এখন থানায় আনা হচ্ছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








