সিপ্লাস প্রতিবেদক: বিধিনিষেধ শেষে বুধবার (১১ আগস্ট) থেকে সরকার প্রায় সবকিছুই খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ নিয়ে রোববার (৮ আগস্ট) একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে উল্লেখ করা হয়, শপিংমল, মার্কেট, দোকানপাট খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।সড়কপথে মোট যানবাহনের অর্ধেক চলাচল করবে। হোটেল-রেস্তোরাঁ অর্ধেক আসন ফাঁকা রেখে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ১০ আগস্টের পর সবকিছু ধাপে ধাপে খুলবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
তিনি বলেন, আগামী ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ চলমান থাকবে। ১১ তারিখ থেকে যেটি চিন্তাভাবনা চলছে সেটি হলো- ধাপে ধাপে পর্যায়ক্রমে শিথিল করা। দেশে করোনা শনাক্তের হার একটু কমছে, কিন্তু মৃত্যুর হার ২০০ এর ওপরে আছে। সে বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই নজর রাখতে হচ্ছে।








