Site icon CPLUSBD.COM

১২১ শিশুকে দেয়া সাজা অবৈধ ঘোষণা হাইকোর্টের

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিশুদের সাজা দেয়া অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ১২১ শিশুকে ভ্রাম্যমাণ আদালতের দেয়া সাজাও অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

বুধবার (১১ মার্চ) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

শিশুদেরকে ভ্রাম্যমাণ আদালতের দেয়া সাজা বাতিল ঘোষণা করে হাইকোর্ট বলেন, শিশুদের শিশু আইনে বিচার করতে হবে, ভ্রাম্যমান আদালত সাজা দিতে পারে না। এর আগে, গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিশুদের দেয়া দণ্ড ও আটকাদেশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে জারি করা রুলের শুনানি শেষ হয়। শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ঠিক করেন হাইকোর্ট।

গত বছরের ৩১ অক্টোবর ভ্রাম্যমাণ আদালতের দেয়া দণ্ডে যশোর ও টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে অন্তরীণ ১২১ শিশুকে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিশুদের দেয়া দণ্ড ও আটকাদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আদালতের আদেশে পরে এসব শিশুদের মুক্তি দেয়া হয়।