সিপ্লাস ডেস্ক: আগামী ১২ ডিসেম্বর জেলা, উপজেলাসহ দেশব্যাপী উদযাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস। এবারের ডিজিটাল বাংলাদেশ দিবস – ২০২০ এর প্রতিপাদ্য ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভায় সভাপতিত্ব করেন।
এছাড়া বেসিস, বিসিএস, বাক্য’র সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সভায় অনলাইনে যুক্ত ছিলেন।
১২ ডিসেম্বর দিবসটি উপলক্ষে সকাল সাড়ে সাতটায় আইসিটি বিভাগের উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত মূল উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও দিবসটি উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ১২ বছরের সাফল্য ও অর্জন তুলে ধরে গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক পত্রিকা সমূহে ক্রোড়পত্র প্রকাশ, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে টকশো প্রচার, দিবসটির লক্ষ্য, উদ্দেশ্য তুলে ধরে বাংলা ও ইংরেজিতে দুইটি ওয়েবিনারের আয়োজন, কেন্দ্রীয়ভাবে অনলাইনে কুইজ প্রতিযোগিতা, দেশব্যাপী জেলা ও উপজেলায় ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন বিষয় ভিত্তিক রচনা, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতা, সভা সেমিনার, ওয়ার্কশপ এর আয়োজন করা, সচেতনতামূলক নাটিকা পরিবেশন, শ্রেষ্ঠ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী দিবসটি যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

