নিউজটি শেয়ার করুন

১৬মাস পর স্বাভাবিক হলো ব্যাংক কার্যক্রম

সিপ্লাস ডেস্ক: দেশের অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় করোনা প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধ মঙ্গলবার(১০ আগস্ট) রাতে শেষ হয়েছে।

তাই আজ বুধবার(১১ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম চলবে। কর্মীদের পালাক্রমে দায়িত্বপালনও উঠে গেছে। খোলা থাকছে সব শাখা ও অফিস।

এর আগে ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত স্বাভাবিক নিয়মে ব্যাংক লেনদেন চললেও গতবছরের ২৯ মার্চ থেকে সীমিত আকারে খোলা রাখা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে প্রতিদিন লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে বিকেল ৬টা পর্যন্ত। অর্থাৎ দীর্ঘ ১৬ মাস পর স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংকিং কার্যক্রম।

গত সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ১১ আগস্ট থে‌কে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। অফিসের কর্ম পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনার কারণে ব্যাংক সেবা, শাখা খোলা ও কর্মীদের বিষয়ে যেসব নির্দেশনা ছিল, বুধবার থেকে তার কোনওটাই কার্যকর থাকবে না। তবে অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা দিতে হবে। পাশাপাশি মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

করোনার কারণে এত দিন ব্যাংক সেবা সীমিত করে রেখেছিল বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৮ জুন সীমিত ও পরে ১ জুলাই কঠোর বিধিনিষেধ শুরু হয়। তারপর ৪ জুলাই রবিবার ব্যাংকের লেনদেন বন্ধ ছিল। পরের রবিবার অর্থাৎ ১১ জুলাইও ব্যাংকের শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। পরে আবার করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন জারি করা হয়। লকডাউনের আওতায় রবিবার ও বুধবার ব্যাংক বন্ধ থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here