সিপ্লাস ডেস্ক: সাভারের আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে একদল ডাকাত ১৯টি স্বর্ণের দোকান লুট করেছে। আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকার বংশী নদীর তীরে রবিবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো রবিবার রাতে দোকানে তালা লাগিয়ে দোকানিরা বাড়ি চলে যান। এর মধ্যে কয়েকজন কর্মচারী রাতে ঘুমিয়ে পড়েন দোকানের ভেতরেই। পরে গভীর রাতে নৌকাযোগে এসে একদল ডাকাত হানা দেয় ওই এলাকায়। তারা বন্ধ দোকানগুলোর তালা ভেঙে লুট করে। এছাড়া স্থানীয় নিরাপত্তাকর্মীকে জিম্মি করে দোকানের ভেতরে থাকা কর্মচারীদের ডেকে বের করে। পরে অস্ত্র ধরে রশি দিয়ে বেধে মালামাল লুট করে তারা। কয়েক ঘণ্টা লুট চালানোর পর নৌকাযোগে বংশী নদী দিয়ে তারা পালিয়ে যায়।
সবমিলিয়ে এক কোটি টাকার বেশি মালামাল লুট হয়েছে বলে দোকানিদের দাবি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন ডাকাতির ঘটনা নিশ্চিত করে বলেন, কত টাকার মালামাল লুট হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। এ এ ঘটনায় একটি মামলা করা হবে বলেও জানান তিনি।

