Site icon CPLUSBD.COM

১ লাখ ইয়াবাসহ গাড়ি চালক আটক

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ থানা পুলিশ দোহাজারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পিক-আপের গ্যাসের সিলিন্ডারে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ১ লাখ পিচ ইয়াবা উদ্ধার করেছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারী) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের আই.সি (পরিদর্শক) আবদুল হালিমের নেতৃত্বে দোহাজারী সিটি সেন্টারের সামনে চেকপোষ্ট বসিয়ে ঢাকা অভিমুখী খালি পিক-আপ (নং- ঢাকা মেট্রো- ঠ- ১১- ১১২৪) আটক করে। এ সময় তাদের পিছনে থাকা স্টেশন ওয়াগান (নং- ঢাকা মেট্রো- গ- ১৭- ৯২৩৫) এর চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ পিক-আপের গ্যাস সিলিন্ডার কেটে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ১ লাখ পিচ ইয়াবা উদ্ধার করে। পিক আপ চালক পাবনার সাঁথিয়া এলাকার সামশুল হকের ছেলে রবিউল ইসলাম টুটুল (৩৫) কে আটক করে। আটককৃত রবিউলের বিরুদ্ধে দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল তাৎক্ষনিক থানায় প্রেস কনফারেন্সের আয়োজন করেন। আটক আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ মামলায় আটক দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে উল্লেখ করে পুরো দক্ষিণ চট্টগ্রামকে মাদকমুক্ত করতে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। সে সাথে চন্দনাইশে ১ লাখ পিচ ইয়াবা উদ্ধার পুলিশের সবচেয়ে বড় সফলতা বলেও জানান তিনি।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন সরকার, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি (পরিদর্শক) আব্দুল হালিম, চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মজনু মিয়াসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।