নিউজটি শেয়ার করুন

১ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে আমরণ অনশনের ঘোষণা

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে আমরণ অনশনে বসবে রাজশাহীর শিক্ষার্থীরা। শনিবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

রাজশাহী কলেজের শিক্ষার্থী জিন্নাত আরা সুমুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ।

লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্বের অনেক দেশে করোনার ভয়াবহ প্রকোপ ছড়ালেও বাংলাদেশের মত এত লম্বা সময় ধরে কোনো দেশেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখেনি। শুধুমাত্র বাংলাদেশই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। আমরা অবিলম্বে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানাচ্ছি। এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আল্টিমেটাম ঘোষণা করেন।

শিক্ষার্থীরা বলেন, করোনার সংক্রমণ শুরুর পর গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর মধ্যে বিভিন্ন সময়ে দফায় দফায় সবকিছুই খুলেছে। কিন্তু ১৬ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়নি। অজুহাত হিসেবে করোনা সংক্রমণকে বারবার দেখানো হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার অনলাইন শিক্ষার প্রচলন করে এবং দাবি করে, অনলাইন শিক্ষার মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষতি পুষিয়ে নেওয়া হচ্ছে। অথচ বাস্তবে সরকারের অনলাইন শিক্ষার নামে সব উদ্যোগ মুখ থুবড়ে পড়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য টিভি চ্যানেল ও রেডিওসহ অন্যান্য সামাজিক প্ল্যাটফর্মে পাঠদানের উদ্যোগ শিক্ষার নামে প্রহসনে পরিণত হয়েছে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী জান্নাতুল সাবিরা, নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাদিম সিনা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here