নিউজটি শেয়ার করুন

২০০ দরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী দিল রাঙ্গুনিয়া সমিতি দুবাই

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ পবিত্র রমজান উপলক্ষে রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার ২০০ দুস্থ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী দিয়েছে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই সংযুক্ত আরব আমিরাত। প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই’র পক্ষে এসব সামগ্রী দেন সংগঠনটির সভাপতি ও এ রহমান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব কোরবান আলী।

শুক্রবার (৩০ এপ্রিল) রাতে এসব উপহার সামগ্রী কোনরকম জনসমাগম ছাড়াই প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়। এর আগে বিকেলে প্রবাসী এম কোরবান আলীর বাসভবনে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কপিল উদ্দিন সিকদার, ইয়াসমিন আকতার, সৈয়দবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মঈনুদ্দিন সিকদার, পেশ ঈমাম মাওলানা সাখাওয়াত হোসাইন তৈয়্যবী, এ রহমান গ্রুপের কর্মকর্তা মো. মহসিন, ছাত্রলীগ নেতা শাহেদুল ইসলাম একান্ত, আসাদুল্লাহ মাহিদ।

এ রহমান গ্রুপের চেয়ারম্যান এম কোরবান আলী বলেন, প্রতি বছর পবিত্র রমজান উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়। এবার সৈয়দবাড়ি এলাকার দুস্থ সনাতন ও বৌদ্ধ সম্প্রদায়কেও খাদ্য সামগ্রী দেয়া হবে।

তিনি বলেন, “প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই রাঙ্গুনিয়ার দুস্থ অসহায়দের সহায়তায় কাজ করে যাচ্ছে। ইতিপূর্বে রাঙ্গুনিয়ার বিভিন্ন অগ্নিদুর্গত পরিবার, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী, নগদ অর্থ সহায়তাসহ বিভিন্ন ভাবে পাশে থেকেছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”