নিউজটি শেয়ার করুন

২০১৩ সালে হেফাজতের তাণ্ডব: মুফতি ফখরুলের দায় স্বীকার

সিপ্লাস ডেস্ক: ২০১৩ সালে রাজধানীতে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান ও ঢাকা মহানগর হেফাজত ইসলামের সাবেক প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলাম।

সোমবার (১৯ এপ্রিল) পাঁচদিনের রিমান্ড চলাকালীন তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় তিনি ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিতে স্বেচ্ছায় সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করে পুলিশ।

আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ২০১৩ সালে পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (১৪ এপ্রিল) তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি টিম।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়।