চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবাসহ মোটর সাইকেল আরোহী দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার বিকালে কর্ণফুলী থানার শিকলবাহা চৌমুহুনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন- মো. রমিন (২৩), খোরশেদ আলম (১৯)। তারা কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ জানান, তাদের কাছে সংবাদ ছিল মোটর সাইকেল আরোহী দুই যুবক ইয়াবা নিয়ে চট্টগ্রাম নগরীর দিকে আসছে। সে তথ্যের ভিত্তিতে শিকলবাহা চৌমুহুনি এলাকা থেকে তাদের আটক করে তল্লাশি চালানো হয়।
এসময় তাদের সাথে থাকা ব্যাগের ভেতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এএসপি তারেক জানান, ইয়াবা নিয়ে তারা চকরিয়া থেকে চট্টগ্রাম নগরীতে এক মাদক ব্যবসায়ীর কাছে আসছিলেন। র্যাব ওই মাদক ব্যবসায়ীরও তথ্য পেয়েছেন।
তবে তদন্তের স্বার্থে ওই ব্যবসায়ীর নাম প্রকাশ করেননি এ র্যাব কর্মকর্তা।








