সিপ্লাস প্রতিবেদক: ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মুরাদপুর পুলিশ বক্সের সামনে নালায় তলিয়ে যাওয়া সালেহ আহমদের(৬২) খোঁজ মেলেনি।
নিখোঁজ সালেহ আহমদকে উদ্ধার করতে বৃহস্পতিবার(২৬ আগস্ট) ভোর ৬টা থেকে আবারো তল্লাশি অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ফায়ার সার্ভিস আবারও উদ্ধার তৎপরতা শুরু করেছে। আশেপাশের কয়েকশ মিটার এলাকায় এই তল্লাশি চলছে। এখনও কোনো সন্ধান মেলেনি। যদি নিখোঁজ ব্যক্তিটির মৃত্যুও হয়, সাধারণত ১৮ ঘণ্টা পর লাশ ভেসে ওঠার কথা। কিন্তু এখনো আমরা তার কোনো খোঁজ পাইনি।
নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ৩ সদস্যের একটি ডুবুরি দল এবং বেশ কয়েকজনের উদ্ধারকারী দল কাজ করছে।
এর আগে বুধবার(২৫ আগস্ট) সকাল ১১টার দিকে মুরাদপুর মোড়ে পুলিশ বক্সের সামনে পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হন সালেহ আহমেদ।
নিখোঁজ সালেহ আহমদ চকবাজার এলাকার তরকারি ব্যবসায়ী। তিনি মাইজভান্ডার দরবার শরীফে যাচ্ছিলেন।








