সিপ্লাস ডেস্ক: নভেল করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলা ও বিস্তাররোধে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সব আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সরকার ঘোষিত সাধারণ ছুটি চতুর্থ দফায় বাড়ানোর পর শনিবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত দিল দেশের সর্বোচ্চ আদালত।
শনিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে বৈঠক করেন।
সে বৈঠকের পরই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর ছুটির মেয়াদ বাড়িয়ে বিজ্ঞপ্তি দেন।
বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, “উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলা এবং বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামি ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সকল আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে।”
একই বিজ্ঞপ্তিতে ফৌজদারি মামলায় নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া জামিন, দেওয়ানি মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞা, স্থিতাবস্থার মেয়াদও যথারীতি আদালত খোলার পর আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।
গত ৪ এপ্রিল এ সংক্রান্ত দেওয়া আদেশের মতই শনিবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালত খোলার দিন থেকেই বিশেষ আইনের মামলায় আদেশ বা রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টসহ সব আপিল আদালতে আপিল দায়ের করা যাবে।
আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ বাড়িয়ে শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় যে আদেশ জারি করে সেখানে বলা হয়, “আগের ছুটির ধারাবাহিকতায় ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ থেকে ২৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হল। সাধারণ ছুটির সময় আগামী ১৭-১৮ এপ্রিল এবং ২৪-২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি সংযুক্ত থাকবে।”
এই ছুটি ‘অন্যান্য সাধারণ ছুটির মত বিবেচিত হবে না’ জানানোর পাশাপাশি ছুটির সময় যেসব নির্দেশ কঠোরভাবে অনুসরণ করতে হবে তাও বলে দেওয়া হয় আদেশে।
>> করোনাভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে।
>> অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে সবাইকে অনুরোধ করা হচ্ছে।
>> সন্ধ্যা ৬টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। এ নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
>> এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করা হল।
>> বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তাকে দায়িত্ব পালনের জন্য নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।








