সিপ্লাস ডেস্ক: পঞ্চম ধাপে দেশের ৩০টি পৌরসভায় সাধারণ নির্বাচন, ৪টি উপজেলা পরিষদ এবং ২টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার (২৮ ফেব্রুয়ারি)। এ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকছে না, শুধু কেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পঞ্চম ধাপে দেশের ৩০টি পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি থাকছে না, তবে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। একই সঙ্গে ওইদিন অনুষ্ঠেয় দেশের চারটি উপজেলা পরিষদ ও দুইটি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনেও কেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট নির্বাচনি এলাকা ও পার্শ্ববর্তী পৌরসভা, উপজেলা ও জেলার অধীন অন্যান্য দপ্তর, সংস্থা বা প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধও জানানো হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের চারটি পৌরসভায় নির্বাচন হতে যাচ্ছে। এগুলো হচ্ছে বারইয়ারহাট, মিরসরাই, রাঙ্গুনিয়া ও রাউজান পৌরসভা।
এদের মধ্যে বারইয়ারহাট ও রাঙ্গুনিয়া পৌরসভায় আওয়ামীলীগ ও বিএনপির মেয়র প্রার্থী রয়েছেন চারজন।








