নিউজটি শেয়ার করুন

৩০ সেপ্টেম্বর থেকে কোনো বিদেশি টিভি চ্যানেল দেশে সম্প্রচার চালাতে পারবে না

সিপ্লাস ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ক্লিন ফিড ছাড়া (বিজ্ঞাপনমুক্ত) কোনো বিদেশি টিভি চ্যানেল আগামী ৩০ সেপ্টেম্বরের পর থেকে দেশে সম্প্রচার চালাতে পারবে না।

বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন।

বৈঠক শেষে তিনি বলেন, ‘দেশে যেসব বিদেশি চ্যানেল আছে, আইন অনুযায়ী তারা ক্লিন ফিড চালাতে বাধ্য। কিন্তু তাগাদা দেওয়া সত্ত্বেও এসব চ্যানেল ক্লিন ফিড করে পাঠাচ্ছে না।’ আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরের কেবল নেটওয়ার্কিং সিস্টেম ডিজিটালাইজড করার কথা জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘সেটি বাস্তবায়নের লক্ষ্যে গ্রাহকদের অবহিত করতে একটি পরিপত্র জারি করা হবে। ৩০ নভেম্বরের পরে ঢাকা ও চট্টগ্রাম শহরে অ্যানালগ সিস্টেম আর কাজ করবে না। ডিজিটাল সেটআপ বক্সের মাধ্যমেই সম্প্রচারটা হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘এখন ডিজিটাল প্লার্টফর্ম রেডি, কিন্তু দর্শকদের যদি সেটআপ বক্স দেওয়া না হয় এবং তারা যদি না নেন তবে সেটা বাস্তবায়ন করা কঠিন। সেজন্য আমরা পরিপত্র জারি করব।’

বিভাগীয় ও মেট্রোপলিটন শহর ছাড়াও কুমিল্লা, বগুড়া, দিনাজপুর, কুষ্টিয়া, রাঙ্গামাটি, কক্সবাজারকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অপারেটিং সিস্টেম ডিজিটালাইড করারও কথা জানান মন্ত্রী। পুরো দেশের বিষয়টি নভেম্বরে বসে ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি।

সচিবালয়ে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন, অ্যাটকো, বিদেশি চ্যানেলের ডিস্ট্রিবিউটর, আকাশ ডিটিএইচ ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন হাছান মাহমুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here