বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রথমবার একসঙ্গে বড়পর্দায় অভিনয় করেন ‘রবিবার’ শিরোনামের সিনেমার মাধ্যমে।
আগামী (৩১ জানুয়ারি) শুক্রবার বাংলাদেশে মুক্তি পাবে ‘রবিবার’ সিনেমাটি।
কলকাতায় অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ সিনেমাটি মুক্তি পায় গত ২৭ ডিসেম্বর। একই দিনে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও কিছু জটিলতা থাকায় তা মুক্তি পায় নি। তবে প্রায় এক মাস পরে বাংলাদেশে আসছে রবিবার।
এ বিষয়ে অনন্য মামুন বলেন, ‘বাংলাদেশ ও ভারতে একসঙ্গে সিনেমাটি মুক্তির কথা ছিল। এ জন্য আবেদনও করে রেখেছিলাম। কিন্তু সঠিক সময়ে অনুমোদন না পাওয়ায় মুক্তি দিতে পারিনি। একসঙ্গে দুই বাংলায় মুক্তি পেলে ভালো হতো। তবে আগামী ৩১ জানুয়ারি মুক্তির দিন ঠিক করেছি।’
প্রসঙ্গত, অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ সিনেমার বিনিময়ে অতনু ঘোষের ‘রবিবার’ সিনেমাটি আমদানি করা হয়েছে।








